পনের টাকা না পেয়ে গর্ভবতী গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ
দি নিউজ লায়ন; পনের অতিরিক্ত টাকা না পেয়ে আট মাসের গর্ভবতী গৃহবধূর মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতার নাম খালেদা লস্কর(২৯)। ঘটনাটি ঘটে বুধবার রাতে কুলতলি থানার ডোঙাঝোড়া এলাকায়। পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কুলতলি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।
ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। পুলিশ তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চার বছর আগে ক্যানিং থানা এলাকার বাসিন্দা খালেদা লস্করের সঙ্গে কুলতলির মিজানুর লস্করের বিয়ে হয়। তাদের একটি মেয়েও আছে। গৃহবধু ৮ মাসের অন্তঃসত্ত্বা। মৃতার বাবা আমিনউদ্দিন শেখ বলেন, পনের টাকাও দেওয়া হয়েছিল বিয়েতে।
কিন্তু তারপর থেকেই অতিরিক্ত টাকা পয়সার দাবি করে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। ক্যানিং থানাতে অভিযোগ ও দায়ের করা হয়েছিল। বুধবারও মেয়ের কাছে টাকার দাবি করে জামাই সহ শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু মেয়ে প্রতিবাদ করলে তাকে মারধোর করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। মেয়েকে উদ্ধার করে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে জামাই পালিয়ে যায়। এরপরে মেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Post a Comment